নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারের পর কঠোর অবস্থানে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলের দরজা বন্ধ। তাই সুড়সুড় করে ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা।
সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে যোগ দিয়েছেন। এবার রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। গতকাল মঙ্গলবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিপক্ষে খেলতে চান। মুম্বাইয়ের কোচ ওমকার সালভির সঙ্গেও কথা বলেছেন এই তরুণ তারকা।
জানা গেছে, আজ বুধবার থেকে মুম্বাইয়ের অনুশীলনে যোগ দেবেন জয়সোয়াল। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফির ম্যাচ। এক বিবৃতিতে এমসিএর পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোচকে যশস্বী নিশ্চিত করেছে, মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে চায়। নির্বাচক কমিটি কয়েকদিনের মধ্যে দল নির্বাচন করবে। নির্বাচকেরাই ঠিক করবেন যশস্বী দলে থাকবে কিনা।’
অস্ট্রেলিয়া সফরে জয়সোয়াল একটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি করেছেন। বাকি ইনিংসগুলিতে রান পাননি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে তার জায়গা হয়নি। তাই হয়তো ভারতীয় দলের কোচ এবং বোর্ড কর্তাদের মনোভাব বুঝে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন জয়সোয়াল। শোনা যাচ্ছে শুবমান গিল, রিশাভ পান্ত এমনকী বিরাট কোহলিও নাকি রঞ্জি ট্রফি খেলতে ইচ্ছুক।
২২ সেকেন্ডে গোল করে লিভারপুলকে বাঁচালেন জোতা
তিন বছর খেলছেন না, এমন বোলারকেও দলে টানল রাজশাহী!
বাউন্ডারি ছোট করেও ছক্কার সংখ্যায় আইপিএলের ধারেকাছে নেই বিপিএল