হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের ৭ নির্দেশনা মানতে বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে মাস্ক পরিধানসহ স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে তিন ফুট দূরত্ব মানার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন। হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়ার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা এবং জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অথবা প্রয়োজন বোধে কাছে হাসপাতালে যোগাযোগ করুন।