মুন্সীগঞ্জ

বিএনপি কর্মীকে কুপিয়েছে আ. লীগ নেতা 

ডোবায় মাছ ধরা নিয়ে মুন্সীগঞ্জ সদরে এক বিএনপির কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজুলঁ মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুত্বর আহত বিএনপি কর্মী নজু মোল্লাকে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি কর্মী নজু মোল্লা বলেন, আমার কৃষি জমির পাশের ডোবা থেকে আমাকে না জানিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা বুরজাহান মিজি, নসু সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লাসহ তাদের লোকজন। এতে আমি মাছ ধরতে মানা করতেই এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর আওয়ামী লীগ নেতাসহ তার লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, মারামারি বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।