যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রভাব দুই দেশের সম্পর্কের মধ্যে পড়বে না। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের স্বার্থেই দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
আগামী ২০ জানুয়ারি মার্কিন মসনদে বসছে দেশটির পরিবর্তিত নতুন সরকার। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা এ রকম বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না। নতুন সরকার এলে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। স্পেকুলেশন করার কিছু নাই। আমি কবে গেলাম চীনে সেটা কোনো বিষয় না। আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে না। আমরা মনে করি, এটা স্মুথলি চলবে।
সম্পর্ক একটা বহমান ধারা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র, তিনটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরত্বপূর্ণ। আমরা অবশ্যই একটা ভারসাম্য সম্পর্ক রক্ষা করব। আমরা কাউকে অসন্তুষ্ট করতে চাই না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।
প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরে শেষে আগামী ২৪ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নিতে পুতুল কি ক্ষমতার অপব্যবহার করেছেন?