জকোভিচের রেকর্ড ঝেংয়ের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার পথে কীর্তির নতুন ইতিহাস লিখেছেন নোভাক জকোভিচ। কিংবদন্তি রজার ফেদেরারকে ছাপিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি গ্র্যান্ড সø্যাম ম্যাচ খেলা টেনিস খেলোয়াড় এখন তিনি। জকোভিচের কীর্তির দিন দ্বিতীয় রাউন্ড থেকে হেরে বিদায় নিতে হয়েছে গতবারের ফাইনালিস্ট এবং অলিম্পিক স্বর্ণপদকজয়ী চীনের ঝেং কিনওয়েনকে। আর তিন বছর পর কোনো গ্র্যান্ড সø্যামের তৃতীয় রাউন্ডে যেতে সক্ষম হয়েছেন নারীদের সাবেক নাম্বার ওয়ান ও দুবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী তারকা জাপানের নাওমি ওসাকা। এছাড়া আরিনা সাবালেঙ্কা, কোকো গফ, আলেকজান্ডার ভেরেভের মতো তৃতীয় রাউন্ডে ওঠার পথে ১৪টি এইস সার্ভ গড়ে তাক লাগিয়েছেন কার্লোস আলকারাজ।

৩৭ বছর বয়সী জকোভিচ তার ক্যারিয়ারের ৪৩০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে ৬-১, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়েছেন জেইমে ফারিয়াকে। এখন তিনিই প্রথম পুরুষ খেলোয়াড় যিনি ৩০ বছরের বেশি বয়সে ১৫০টি গ্র্যান্ড সø্যাম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। ২০২১ সালে উইম্বলডনে নিজের ৪২৯টির শেষ গ্র্যান্ড সø্যাম ম্যাচটি খেলেছিলেন ফেদেরার। তালিকায় এর পরেই আছেন ৪২৩টি ম্যাচ খেলা সেরেনা উইলিয়ামস। দারুণ এ মাইলফলক ছোঁয়ার পর জকোভিচ বলেন, ‘আমি এই খেলাটাকে ভালোবাসি। প্রতিযোগিতা আমার রক্তে মিশে গেছে। আরেকটি রেকর্ড গড়তে পারায় আমি ধন্য।’ তৃতীয় রাউন্ডে জকোভিচ মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ২৬তম বাছাই টমাস মাচাকের।

দ্বিতীয় রাউন্ডে অঘটনের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী বিশ্বের ৯৭তম বাছাই জার্মানির লরা সিয়েজমুন্ড। তার কাছে ৭(৭)-৬(৩) ও ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে পঞ্চম বাছাই ঝেঙ্গ কিনওয়েনকে। ২০১৯ ও ২০২১ আসরের চ্যাম্পিয়ন ওসাকা ২০তম বাছাই ক্যারোলিনা মুশোভার কাছে প্রথম সেটে হেরে যান ১-৬ গেমে। পরের দুই সেট ৬-১ ও ৬-৩ গেমে জিতে তিন বছরের অপেক্ষার সমাপ্তি টানেন সাবেক নাম্বার ওয়ান।

মার্গারেট কোর্ট অ্যারেনায় দ্বিতীয় রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-০, ৬-১, ৬-৪ সেটে হারানোর ম্যাচে কার্লোস আলকারাজ ১৪টি এইস সার্ভ করেন। এতদিন সার্ভে তাকে দুর্বল মনে করা হতো।  ২১ বছরের এ স্প্যানিশ তারকাকে নিয়ে তাই কোচ হুয়ান কার্লোস ফেরেরো ব্যাপক কাজ করেন। নিশিওকার বিপক্ষে একপেশে জয়ে আলকারাজ তার প্রথম সার্ভ পয়েন্টের ৮৯ শতাংশ এবং দ্বিতীয় সার্ভ পয়েন্টের ৭১ শতাংশ জিতেছেন। বলেন, ‘আমার সার্ভ নিয়ে আমি সত্যিই ভালো অনুভব করেছি। আজ আমার ছন্দটা ছিল অনেক মসৃণ।’ সার্ভের গতি ও নির্ভুলতায়ও উন্নতি এসেছে আলকারাজের। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম সার্ভের গড় গতি ছিল ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এবার তা বেড়ে হয়েছে ১৯৭ কিলোমিটার।