সাবেক মিস্টার বাংলাদেশের মৃত্যু

সাবেক মিস্টার বাংলাদেশ ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আর নেই। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ জহির উদ্দিন চৌধুরী জানান, ‘নজরুল ভাই অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। উনার পাকস্থলীতে পানি জমে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর সেখানেই মারা গেছেন।’

নজরুল ইসলাম এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দুবার রুপা জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট পেয়েছেন। এছাড়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন। পেয়েছেন মিস্টার বাংলাদেশ খেতাব। তার মৃত্যুতে  শোক জানিয়েছে শরীর গঠন ফেডারেশনসহ নানা সংগঠন।