মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

বাগেরহাটের মোংলায় নছিমন উল্টে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলার ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) এবং খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দ্রুত গতিতে আসা একটি ট্রলি গাড়ি (নসিমন) গতরাতে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তূপ করে রাখা পাথরের ওপর উঠিয়ে দেয়। এ সময় ট্রলিটি উল্টে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

পরে মোংলায় হাসপাতালে আনার সময় আরও একজনের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।