সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হামজা চৌধুরী এখন বাংলাদেশ ফুটবল দলের একজন হয়ে গেছেন। শীঘ্রই তাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টারে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। একসঙ্গে ম্যাচ দেখার পর নৈশভোজও সেরেছেন তারা।
গতকাল বুধবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচ দেখেছেন তাবিথ। সেখানে হামজার বাবা-মাও উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে হামজাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাফুফে সভাপতিকে হামজা জানিয়েছেন যে, তিনি বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের মঞ্চে। ম্যাচটিতে হামজা খেলবেন কি না, বাফুফে থেকে এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে ব্যাকুল হয়ে আছেন। তাবিথ আউয়ালকেও তিনি এই কথাই বলেছেন বলে জানা গেছে।