সাইফকে ছুরিকাঘাত, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

সাইফ আলি খানের বাড়িতে হামলার নেপথ্যে কারা, সন্ধান করতে বুধবার মধ্যরাত থেকেই সক্রিয় হয়ে ওঠে মুম্বাই পুলিশ। সংগ্রহ করা হয় অভিনেতার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ। বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই ৩ জনকে আটক করা হয়েছে বলে খবর।

ঘটনার রাতে অভিনেতার বাড়িতে ৭ জন নিরাপত্তারক্ষী ছিলেন। তারপরও কীভাবে ওই দুষ্কৃতীকারী প্রবেশ করল, প্রশ্ন উঠছে। আদৌ বাইরে থেকে কোনও দুষ্কৃতীকারী প্রবেশ করেছে, নাকি ভিতরের কেউ কাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। 

শোনা যাচ্ছে, সিসিটিভি ফুটেজে কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে বলিউডের ‘নবাব’র বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীকারী। বাড়িতে ঢুকে পড়ার পর পরিচারক তাকে দেখে ফেলেন। পরিচারকের সঙ্গে বচসা চলাকালীন সাইফ তাদের শান্ত করার চেষ্টা করেন। অভিনেতা ওই দুষ্কৃতীকারীকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। দুষ্কৃতীকারীর কাছে ধারালো ছুরি ছিল। পরিবারের সদস্যদের রক্ষা করতে সাইফ নিরস্ত্র অবস্থায় দুষ্কৃতীকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যে সাইফকে একাধিকবার ছুরির আঘাত করে সে।

এরপর দ্রুত অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত ৩ সদস্যের এক চিকিৎসক দল গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের শরীরে ছয়বার ছুরির আঘাত করা হয়েছে। এর মধ্যে দু জায়গার চোট গুরুতর। এদিকে সাইফের টিম এবং কারিনার টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাইফ ছাড়া পরিবারের বাকি সদস্যরা পুরোপুরি নিরাপদ এবং সুস্থ। সাইফের অস্ত্রোপচার করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কোনওরকম গুজব না ছড়াতে অনুরোধ করা হয়েছে নবাব পরিবার থেকে।