রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত সবাইকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই নিন্দা জানানো হয়।
প্রেস উইং জানায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে জনতার হিংস্রতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। যারা দেশের শান্তি, সম্প্রীতি এবং আইনশৃঙ্খলার ক্ষতিসাধনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবির সামনে সংখ্যালঘু ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ২০ জন আহত হন।
উল্লেখ্য, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয় এনসিটিবি। গত রোববার এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপর পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানায় বেশ কিছু পাহাড়ি সংগঠন।