বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করাতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের স্বার্থত্যাগ বেঈমানি করছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমী মাদরাসার আলেম ওলামাদের সাথে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি, আপনরা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কীভাবে এতো সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন, নিপিড়ন ভুলে গেলেন? এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন, আল্লাহর কসম করে বলছি, আপনার যদি বিচারের জন্য আওয়াজ তুলেন আমরা প্রয়োজন আবার রাস্তায় নামব। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।
অপরদিকে দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন হাসনাত আব্দুল্লাহ।