বেশি লাগতে যেও না সাব্বির, মেজাজ হারিয়ে তামিম

মাঠের লড়াই ছাড়িয়ে উত্তেজনা ছড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ঢাকার সাব্বির রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই ঘটনাটি ঘটায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারে ডেভিড মালান ও তামিম ইকবাল ব্যাট করছিলেন। ওভারের একটি বলে তামিম শট খেলেন, যা বাউন্ডারি লাইনের কাছে ঠেকান সাব্বির রহমান। তবে বলটি বোলার বা উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে সামনেই ফেলে দেন তিনি। সাব্বিরের এমন আচরণকে ক্রিকেটীয় ভাষায় বলা হয় 'ফেইক ফিল্ডিং', যা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে করা হয়।

এ ঘটনায় ক্রিজেই ক্ষোভ প্রকাশ করেন তামিম। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, 'বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।' এরপর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকেন। উত্তপ্ত পরিস্থিতি আরও বাড়ার আগেই ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও ফিল্ড আম্পায়াররা পরিস্থিতি সামাল দেন।

তবে উত্তেজনার মধ্যেই ম্যাচে দারুণ জয় পায় ফরচুন বরিশাল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন তামিম। তার সঙ্গী ডেভিড মালান অপরাজিত থাকেন ৪৯ রানে। বরিশাল ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ১৬ ওভারেই।

জয়ের নায়ক হলেও ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে দেখা যায়নি তামিমকে। তার পরিবর্তে উপস্থিত ছিলেন বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

কদিন আগেই রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে আলোচনায় ছিলেন তামিম। এবার সাব্বিরের সঙ্গে এই ঘটনা তার নামের সঙ্গে আরও এক বিতর্ক যোগ করল।

তবে সবকিছু ছাপিয়ে বরিশালের দারুণ জয়ে তাদের বিপিএল মিশন আরও দৃঢ় হলো। অন্যদিকে ঢাকার জন্য এটি একটি হতাশাজনক দিন।