ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এ ছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিষয়।’ এর আগে গত ৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন,‘আপনাদের মতো আমিও এটা (শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো) পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে?’
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাইনি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, গত ১৬ বছরে গুম-ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।
এদিকে গুম ও জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছে।
নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ভারতের বিদেশ মন্ত্রণালয় ডেকেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
তিনি বলেন, ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ভারতের বিদেশ মন্ত্রণালয় ডেকেছিল। ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের উদ্বেগের কথা জানান।
চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করবেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে, আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে এটা প্রকাশিত হয়নি।
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে বিদেশে পাঠানো হচ্ছে : জুলাই বিপ্লবে আহত ১৪ জন ভিসা পেয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য শিগগিরই দেশের বাইরে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন মোহাম্মাদ রফিকুল আলম। তিনি জানান, জুলাই বিপ্লবে আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো সহায়ক ভূমিকা পালন করছে। এ পর্যন্ত এই সমন্বিত প্রক্রিয়ায় ১৩ জন আহত চিকিৎসাসেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসাসেবা নিয়ে দেশে ফেরত এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক বলেন, গত ৮ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১৯ জনের ভিসা প্রসেসিং করা হয়েছিল। ইতিমধ্যে ১৪ জন ভিসা পেয়ে গেছেন। এই ১৪ জনকেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অতিসত্বর পাঠানো সম্ভব হবে। এখানে উল্লেখ্য যে, মুমূর্ষু চারজন আহতকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে।