জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বামীর ঘরে নববধূ আয়শাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শা আক্তারের ১৮ দিন আগে বিয়ে হয়। হঠাৎ করে দুপুরের দিকে স্বামী জাহীনুরের ঘরে নববধূ আয়শা আক্তারকে পড়ে থাকতে দেখে শাশুড়ি জাহানারা বেগম। পরে নববধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে আয়শা আক্তার কানে ও গলায় আঘাতে চিহ্ন ছিল। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। নববধূ আয়েশা আত্মহত্যার জন্য গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল বলে পুলিশকে জানিয়েছে ওই নববধূর শাশুড়ি জাহানারা বেগম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ গতকাল দুপুরে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নববধূ আত্মহত্যার জন্য গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই নববধূ শাশুড়িকে আটক করা হয়েছে।