রাতের আঁধারে ৩০০ লাউ গাছ কাটল দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রামে শত্রুতাবশত ৩০০ লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষির।

জানা যায়, উপজেলার নগর ইউনিয়নের বড় পিংগইন গ্রামের আফছার মোল্লার ছেলে জিয়াউর রহমান ১৪ কাঠা জমিতে লাউ চাষ করেন। ইতিমধ্যে সেসব গাছে লাউ ধরতে শুরু করেছে। গত বুধবার রাতে কে বা কারা তার জমির ৩০০ ফলবান লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলে।

জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।