তামিম ইকবালকে ইদানিং প্রায়ই মেজাজ হারাতে দেখা যাচ্ছে। খেলা চলাকালীন প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর চটে যাচ্ছেন দেশের সেরা ওপেনার। গতকাল বৃহস্পতিবারের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানকে সতর্ক করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। অবশ্য থিসারা পেরেরার হস্তক্ষেপে ঘটনা বেশিদূর গড়ায়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাব্বির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। ৯ম ওভারের একটি বলে তামিম শটের শট বাউন্ডারি লাইনের কাছে ঠেকান সাব্বির। তবে বলটি বোলার বা উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে সামনেই ফেলে দেন। সাব্বিরের এমন আচরণকে ক্রিকেটীয় ভাষায় বলা হয় 'ফেইক ফিল্ডিং', যা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে করা হয়।
এ ঘটনায় চটে গিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে তামিম বলতে থাকেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ তামিম আরও কিছু কথা বলেছেন, ভিডিওতে যেগুলো স্পষ্ট শোনা যায়নি। এরপর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকেন। উত্তপ্ত পরিস্থিতি আরও বাড়ার আগেই ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও ফিল্ড আম্পায়াররা পরিস্থিতি সামাল দেন।
বিষয়টি নিয়ে আজ শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই ঘটুক, সেটা মাঠেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে না। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’