ফুটবল থেকে বর্ণবাদ ও বৈষম্য কি দূর হওয়ার নয়? গত কয়েক বছর ধরেই এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ফুটবলবিশ্ব। কোথাও বর্ণবাদের ঘটনা ঘটলেই দেওয়া হচ্ছে শাস্তি। প্রতিবাদের রোল মডেল হয়ে উঠেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এর মাঝেই এমন অভিযোগে পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসতেকে বরখাস্ত করেছে ফিফা।
আরিয়াসতের বিরুদ্ধে অভিযোগ, পানামার নারী ফুটবলার মার্তা কক্সকে তিনি মোটা বলে সম্বোধন করেছেন। ঘটনা ২০২৩ সালের। সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন কক্স। নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠসংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে তিনি জোরালো আওয়াজ তুলেছিলেন, যা পছন্দ হয়নি আরিয়াসতের।
২৭ বছর বয়সী কক্সের সমালোচনা করত এগিয়ে আরিয়াসত তাকে পাল্টা আক্রমণ করেন। তিনি বলেছিলেন, ‘সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’ তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কক্স। পাশে পান অন্যদেরকেও। অতঃপর নড়েচড়ে বসে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এর জেরে আরিয়াসতকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ফিফার শাস্তি মেনে নিয়েছেন আরিয়াসত। তিনি নিজের বক্তব্যকে ‘মারাত্মক ভুল’ হিসেবে অভিহিত করেছেন।