বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রোববার ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ট্রানজিট হিসেবে ঢাকায় যাত্রাবিরতি নিতে পারেন তিনি। এ সম্ভাবনাকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ফিফা সভাপতির যাত্রাবিরতির স্থান এখনো নিশ্চিত নয়। ঢাকা ছাড়াও নীলফামারীর সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন তিনি। থিম্পুতে সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।
ফিফা সভাপতির সম্ভাব্য সফর ঘিরে আগেভাগেই তৎপর হয়েছে বাফুফে। ইনফান্তিনো বাংলাদেশে এলে বিমানবন্দরে তাঁর ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্ন করতে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক। বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনো ঢাকায় যাত্রাবিরতি নিলে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে সৌজন্য সাক্ষাতে সম্মতি দিলে সেখানে যাবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা।
এর আগে, প্রায় দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাবিথ আউয়াল ও বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। সেই সাক্ষাতের পর এবার ফিফা সভাপতির বাংলাদেশে সম্ভাব্য যাত্রাবিরতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে ইনফান্তিনো ঠিক কোন পথে ভুটান যাবেন এবং বাংলাদেশে থামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তাঁর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাফুফে।
এর আগে ২০১৯ সালের ১৭ অক্টোবর ১ দিনের এক ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি