ধোঁয়ায় ছেয়ে গেছে হাজারীবাগ, আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর হাজারীবাগ ট্যানারি কাঁচাবাজারের একটি চামড়ার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এর আগে শুক্রবার দুপুর ২টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, চামড়ার গোডাউনের আগুন নেভাতে তাদের ছয়টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে আরও চারটি ইউনিট। ওই গোডাউনটি একটি সাততলা ভবনের পাঁচতলায়। বর্তমানে উদ্ধারকাজ পরিচালনায় ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।