বগুড়া চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ মো. কলম (৩৪) নামে এক ছিনতাইকারী পালিয়ে গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে পালিয়ে যায় কলম। পালিয়ে যাওয়া আসামী মো. কলম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার খোকা মিয়ার ছেলে। এদিকেও পালানোর দুদিন পার হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আদমদিঘী ও সদর থানা পুলিশ সূত্র জানায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাইস্কুল পাড়ার এমরান হোসেনের তিলকপুর বটতলায় অটো ব্যাটারি হাউস ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের দোকান রয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন এমরান হোসেন। বাড়ির কাছে পৌঁছামাত্র তিন ছিনতাইকারী তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এসময় তার চিৎকারে জনগণ এগিয়ে এসে বাঁধন নামে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দেন। এতে সে আহত হলে পুলিশ তাকে আটক করে নওগাঁ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সময় অপর দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে পাশের বগুড়ার আদমদীঘি উপজেলায় পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি মোবাইল ফোনে আশপাশের লোকজনকে জানান। রাত সাড়ে ৮টার দিকে আদমদীঘির আমইল গ্রামের লোকজন বাঁশের ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী রাজু পালোয়ান ও মো. কলমকে আটক করে দু'জনকে বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ দুই ছিনতাইকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোনসেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এরপর তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
আদমদীঘি থানার এসআই তারেক হোসাইন জানান, ছিনতাইয়ের ঘটনাস্থল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা হওয়ার কথা। আহত রাজু পালোয়ান ও মো. কলম বগুড়া শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল। এদের পাহারায় দায়িত্বে ছিলেন বগুড়া পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের এএসআই মফিজুল ও কনস্টেবল জাকিরুল। কিন্তু বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাতকড়া পরিহিত আসামি মো. কলম হাসপাতালের বাথরুম যায়। তারপর গিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে।
শুক্রবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার জানান, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় ছিনতাইয়ের আসামি আদমদীঘিতে আটক করার পর বিক্ষুব্ধরা তাদের পিটিয়ে আহত করেন। এদের একজন বগুড়া শজিমেক হাসপাতালের বাথরুম থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। শুক্রবার দুপুর অব্দি তাকে গ্রেপ্তার করা যায়নি। এঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।