বাংলাদেশে জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শ্রমিক নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শ্রমজীবী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক মো. সমশের আলম। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বিশ্বাস, পাট শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবু দাউদ দীন মোহাম্মদ, খুলনা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, খুলনা মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, খুলনা জেলা গণ সংহতি আন্দোলনের আহবায়ক মনির চৌধুরী সোহেল ও খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম প্রমুখ।
সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে লোকসানের অজুহাত দেখিয়ে ২০২০ সালের ১ জুলাই খুলনা, চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় হয়। তখন শেখ হাসিনা ঘোষণা দিয়ে ছিলো যে ৬ মাসের মধ্যে মিলগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনা হবে। কিন্তু দীর্ঘ চার বছরের বেশি সময় পার হলেও বন্ধকৃত মিলগুলো চালু করতে পারেনি।
শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ছাটাই করা হলোও তাদের ন্যায্য হিসাব সঠিকভাবে দেওয়া হয়নি। মিল কর্তৃপক্ষের কাছে এখনো শ্রমিকদের পাওনা রয়েছে। কর্ম হারিয়ে শ্রমিকরা আজ পথে পথে ঘুরছে। পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। শেখ হাসিনা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে।
এসময় নেতারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মিলগুলা আবার সরকারিভাবে চালু না করলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
খুলনা-যশোর অঞ্চলের শ্রমিক নেতারা, অবিলম্বে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধকৃত ২৬টি পাটকল পুনরায় চালুর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর আহ্বান জানান।