দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে আবু সাঈদের মৃত্যুর তারিখ জানতে চাওয়া হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এদিকে মেডিকেল পরীক্ষায় প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।
ভর্তি পরীক্ষার্থী সাইফুল্লাহ তানভীর বলেন, আজকের (গতকাল) মেডিকেল ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে একটি প্রশ্ন এসেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে তার মৃত্যুর তারিখ কত?
এর আগে চাকরির নিয়োগ গত শুক্রবার হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী? এখানে চারটি অপশনে দেওয়া আছেÑ পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।
এদিকে মেডিকেল পরীক্ষায় গতকাল সকালে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা পরিদর্শনে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয়। এজন্য চিকিৎসা বিজ্ঞানের এই বিদ্যাপীঠগুলোয় আসন সংখ্যা না বাড়িয়ে মান বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আসন বৃদ্ধির কি দরকার আছে? যদি মান ঠিক রাখতে না পারি, প্রফেসর দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কীভাবে তৈরি হবে? কাজেই আমাদের এগুলো ভাবতে হচ্ছে, ভাবার চেষ্টা করছি। এ ছাড়া সরকারি হাসপাতালগুলোকে সরকারি মেডিকেল কলেজে উন্নীত করার কথা সরকারের ভাবনায় রয়েছে বলে জানান তিনি।
দেশের সরকারি ৩৮টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ২৯৩টি।