ক্যারিয়ারের বেশিরভাগ সময় বাংলাদেশের বিভিন্ন লিগে্ই খেলেছেন। এখানে খেলেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ে উঠেছে। ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে ১১৪ ম্যাচ খেলা ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগেই। এখন খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চলতি বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলের অনুশীলনের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
৩০ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মালানের। তার আগে নিয়মিত খেলেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে। এই দুটি লিগই তাকে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ করে দিতে বড় ভূমিকা রেখেছে। এই বিপিএল, ডিপিএল না থাকলে তার ক্যারিয়ার হয়তো এতদূর যেত না। কঠিন কন্ডিশন মোকাবেলায় দক্ষতা তিনি বাংলাদেশ থেকেই অর্জন করেছেন। যদিও বাঁহাতি এ ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র ৬ বছরের।
৩৭ বছর বয়সী আজ শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতি সব সময়ই কৃতজ্ঞ, তারা আমাকে খেলার সুযোগ করে দিয়ে উন্নতি করতে সাহায্য করেছে। এই সাহায্যটা না পেলে আমি যে খেলোয়াড় হয়ে উঠেছি, সেটা হয়তো হতে পারতাম না।’
তারকাবিহীন বিপিএলে মালানকেই বিদেশি ‘বড় তারকাদের’ একজন হিসেবে ধরা হয়।
বিপিএলে তো বিদেশি তারকাদের ছড়াছড়ি নেই, তাই মালানই বড় তারকা।
https://www.deshrupantor.com/567519
কিন্তু চলতি বিপিএলে তিনি এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ৪১ বলে করেছেন ৪৯ রান। একাদশে সুযোগ না পাওয়ার হতাশাও গোপন করেননি মালান, ‘যখন একসঙ্গে ৪টা লিগ চলছে, কিন্তু একটাতে পুরো আসরের জন্য চুক্তি করে বসে থাকতে হয়, সেটা তো হতাশারই। বিশেষ করে যখন অন্য লিগে খেলার সুযোগ ছিল।’