‘নতুন’ বিপিএলকে ‘লজ্জাজনক’ বললেন খালেদ মাহমুদ সুজন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

চলতি বিপিএলের শুরু থেকেই একের পর এক বিতর্ক চলছে। টিকিট বিতর্ক দিয়ে শুরুর পর পারিশ্রমিক বিতর্ক, অনামী সব ক্রিকেটার নিয়ে আসা, সন্দেহজনক পারফর্মেন্স সবই চলছে। সব মিলিয়ে এবারের বিপিএল আয়োজন না করলেও হতো বলে মনে করছেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এসব ঘটনাকে তিনি লজ্জাজনক হিসেবেও অভিহিত করেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্বে আছেন। তার দলের অবস্থা খুবই খারাপ। ৮ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে ঢাকার অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। নিজ দলের এই পরিস্থিতি উন্নতির কোনো পথ খুঁজে পাচ্ছেন না সুজন। কিছুতেই যেন কিছু হচ্ছে না। তার ওপর বিপিএল ঘিরে নানা বিতর্কে তিনি বিরক্ত।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার সুজন বলেন, ‘‘বিপিএলে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। টিকিট নিয়ে সংকট, মানুষের চেঁচামেচি; বাংলাদেশের মানুষ কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে? রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে, সে খেলা দেখবে না? আমরা তো এখনও ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাইনি। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি বন্ধ করতে গিয়ে এটা করবেন তো সেই কালোবাজারি বন্ধ করতে পারলেন?’

পারিশ্রমিকের টাকা না পেয়ে অনুশীলন বর্জন করেছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। সেটা নিয়ে অনেক কাণ্ড হয়েছে। এক্ষেত্রে বিসিবির দায় দেখছেন সুজন, ‘ছয় ম্যাচ খেলার পর একটি দল বলছে তারা খেলবে না, কারণ খেলোয়াড়েরা টাকা পায়নি। এটা লজ্জাজনক। বিপিএলে একটা জিনিস ছিল যে, ব্যাংক গ্যারান্টি দেয়। (ফ্র্যাঞ্চাইজিগুলো) সেই ব্যাংক গ্যারান্টিও দেয় নাই। তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভূমিকাটা কী?। একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগবে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনব কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত