মাহফিলে যোগ দিতে হেলিকপ্টারে লালমনিরহাট গেলেন আজহারী

মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে লালমনিরহাটে এসেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ সময় তাকে দেখতে লাখো উৎসুক মানুষের ঢল নামে লালমনিরহাটের অলিতে গলিতে।

আজ শনিবার দুপুর দেড়টায় জেলা শহরের শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি। এদিকে, সকাল থেকে থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী আলোচকরা। এছাড়াও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতারা বক্তব্য দেন। 

মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

এরপর দুপুর দুইটায় লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠের মঞ্চে উঠে বয়ান শুরু করেছেন ড. মিজানুর রহমান আজহারী।

ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে লালমনিরহাটে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার বলেন, ‘জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে করে লালমনিরহাটে পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা চাদরে পুরো জেলা শহরে ঢেকে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দল নিরাপত্তা অব্যাহত রেখেছেন। আশা রাখছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এই মাহফিল সম্পূর্ণ হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’