তিতা খাবার খেলে কি সত্যিই সুগার কমে?

  • তিতা খাবার হজমে উপকার হলেও এতে ডায়াবেটিস সেরে যাবে বা নিয়ন্ত্রণ হয় না
  • ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ, এটি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম

তিতা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে। আর তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত তিতা খান। অনেকেই প্রতিদিন বাজার থেকে নিয়মিত উচ্ছে ,করলা, নিম পাতা কিনে রস বানিয়ে খান। আবার কেউ কেউ নিয়ম করে তিতা ব্ল্যাক কফি খান। কিন্তু তিতা খাবার কি সত্যিই ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, এতে কি আদৌ সুগার কমে। 

তিতা খাবারের পুষ্টিগুণ

উচ্ছে ও করলা:  উচ্ছে এবং করলায় রয়েছে মোমোর্ডিসিন ও কারটিন নামক উপাদান, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এগুলি ইনসুলিন কার্যকর হতে এবং শরীরের মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে।

নিম পাতা: নিম পাতায় রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক প্রপার্টিজ। এটি ইনসুলিনের কার্যকারিতা  বাড়াতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। তবে তার মানে এই নয় যে মিষ্টি খেয়ে নিম পাতা খেলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। 

কফি: কফিতে অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে। এটি ইনসুলিন কার্যকর হতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত কফি পান করলে অন্য সমস্যা দেখা দিতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটে।

তিতা খাবার নিয়ে বিজ্ঞান কী বলে?

বিশেষজ্ঞরা বলেন, তিতা খাবারের এই উপাদানগুলি রক্তে শর্করার মাত্রা সাময়িকভাবে কমাতে সাহায্য করলেও, এটি কোনও ওষুধের  বিকল্প হতে পারে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং ডাক্তারের পরামর্শমতো ওষুধ খাওয়া প্রয়োজন। তিতা খাবার আপনার ডায়েটে ভাল সংযোজন মাত্র। এতেই সেরে যাবে বা নিয়ন্ত্রণ হবে, এমনটা ভাবলে ভুল করবেন।

তিতা কীভাবে খাবেন

উচ্ছে ও করলার জুস: প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ উচ্ছে বা করলার রস পান করলে উপকার পাওয়া যেতে পারে। এভাবে খেতে না পারলে, পানিতে সিদ্ধ করে খেতে পারেন। তেলে কড়া করে ভেজে ভাতের সঙ্গে মেখে খেলে ভাল লাগবে। তবে অতটা উপকার পাবেন না।

নিম পাতা চিবানো: সকালে খালি পেটে ৫-৬টি নিম পাতা চিবিয়ে খেতে পারেন। তবে প্রতিদিন নয়। ২-৩ দিন অন্তর করে খাওয়া ভালো। এছাড়া নিম পাতার রসও খেতে পারেন।  

কফি: দিনে ১-২ কাপ ব্ল্যাক কফি পান করতে পারেন, তবে চিনি বা দুধ না মেশানোই ভালো। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে তেতো খাবার উপকারী হলেও, শুধু এগুলির উপর  নির্ভর করলে হবে না। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ। এটি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, ওষুধ, ইত্যাদি এগুলো প্রতিদিনের রুটিনের মধ্যে থাকা।

তবে কোনও নতুন খাবার বা চিকিৎসা শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন। অতিরিক্ত তেতো খাবার খেলে হজমের সমস্যা হতে পারে।
যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তারা তেতো খাবার খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত