সাভারের আশুলিয়ায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা আশপাশের বাসাবাড়িতেও ভাঙচুর চালিয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় বসবাসকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভুক্তভোগী ব্যাবসায়ী নুরুল হক জানান, আমার ছোট একটি কাপড়ের কারখানা আছে। তবে সেটা বন্ধ ছিল। কিছু দিন সেটি বন্ধ থাকার পর সম্প্রতি কারখানাটি পুনরায় চালু করি। তার কয়েক দিন পরে আমার কাছে অজ্ঞাত এক ব্যক্তি পরিচয় না দিয়ে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি দাবিকৃত চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এছাড়াও হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আশপাশের বেশকয়েকটি বাসাবাড়ির জানালার কাচ ভাঙচুর করে এবং গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।
ব্যবসায়ী নুরুল হকের ছেলে জয় হাসান বলেন, আমাদের বাড়ির গলিতে ৩০ থেকে ৪০ জন হেলমেট পরিহিত লোক আসে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাদের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর ও গুলি করে। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী আনোয়ার হোসেন আনু, আমান মিয়াসহ আরও বেশ কয়েক জনের বাড়িতে ভাঙচুর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে দুর্বৃত্তদের মাথায় হেলমেট থাকার কারণে নিদিষ্ট করে কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙচুর ও গুলির ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।