পিরোজপুর সদরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় রাজীব খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব খান ওই গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাজীব খানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) কামরুল, উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রবিবার রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, রাজীব খানে বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আজকের ঘটনার আগে তার বিরুদ্ধে মাদক, জুয়া ও মারামারির পাঁচটি মামলা চলমান রয়েছে।