বাংলাদেশ প্রিমিয়ার লিগে অষ্টম রাউন্ডের ম্যাচে আবার হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। এবার ফর্টিসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র-তে নিষ্পত্তি হয়েছে ম্যাচের।
কিংস অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা। মিগেল ফিগেইরার বাড়িয়ে দেওয়া বল থেকে জালভেদ করেন তপু বর্মন। গোল করে জনপ্রিয় দক্ষিণী সিনেমা পুষ্পার অনুসরণে উদযাপন করেন তিনি। ২৮ মিনিটে সুযোগ আসে ফর্টিসের সামনে। ডান দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়া পিয়াস আহমেদের শট ইসায়া এজের গায়ের লেগে হাওয়ায় ভেসে গোলমুখে চলে যায়। সেখানে পা ওমর সার হেড করলেও তা তপুর গায়ে লেগে পোস্টের ওপর দিয়ে বাইরে চলে যায়।
প্রথমার্ধ কিংসের লিডেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কামাচাই মারমার পাস থেকে দুরূহ কোণ থেকে তৃতীয় প্রচেষ্টায় গোল করে ফর্টিসকে সমতায় ফেরান বদলি নামা মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ। ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে কিংস। ফর্টিস আছে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।
অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ শনিবার আবাহনী ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ৬৮ মিনিটে আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার শাকিল। লিগে ৮ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে মারুফুল হকের দল পিছিয়ে ৫ পয়েন্টে। এই হারের কারণে দ্বিতীয় স্থানে ফেরার সুযোগ হাতছাড়া হলো রহমতগঞ্জের। ৮ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট তাদের।