কদিন আগেই মালয়েশিয়াতে এই নেপালকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিলেন সুমাইয়ারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর ম্যাচে প্রতিপক্ষ হিসেবে তাদের পেয়ে স্বস্তিতেই ছিল বাংলাদেশ। ব্যাটিং ইনিংসের শুরুটা কিছুটা খেই হারালেও জয় পেতে কষ্ট হয়নি বাংলাদেশের মেয়েদের। ৫ উইকেটে নেপালকে হারিয়ে বিশ্বকাপ যাত্রার শুভ সূচনা করেছে বাংলাদেশ।
মালয়েশিয়ার বাঙ্গিতে শনিবার ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই হিমালয় কন্যাদের চেপে ধরেন দেশের বোলাররা। ১৩ রানে দলের দ্বিতীয় উইকেট হিসেবে ফেরেন অধিনায়ক পূজা মাহাতো। নেপালকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পূজার। বাছাইপর্বে খেলেছিলেন ৬৯ বলে ১৩০ রানের ইনিংস। সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে ৪৭ রানের ইনিংস খেলেন পূজা। নেপালের এই মূল ব্যাটার হন রানআউট। শুধু তিনি নন, এদিন নেপালের পাঁচ ব্যাটার এই রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। প্রথম ওভারে ২১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলা দলটির ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫২ রানেই। ৩২ বলে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রবিন। এছাড়া ১০ রান করে সিমানা কেসি। বাংলাদেশের হয়ে ২টি উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সুবহা।
স্বল্প লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হোঁচট খেতে হয় বাংলাদেশকেও। তৃতীয় ওভারের মধ্যেই ১১ রান তুলতেই ফিরে যান তিন ব্যাটার। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এ দুজনে ফিরে যান দলীয় ৩২ ও ৪১ রানের সময়। বাকি পথটুকু বাংলাদেশ পাড়ি দেয় সহ-অধিনায়ক আফিয়া আসিমা ইরা ও জান্নাতুল মাওয়ার ব্যাটে। ১১ রানে ২ শিকার ও অপরাজিত ৫ রানের ইনিংসে ম্যাচসেরা হন মাওয়া। বিশ্বকাপে পরের ম্যাচে শনিবার বাংলাদেশ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কাল ৪৮ রান করা স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অজিরা। এছাড়া জয় পেয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনূর্ধ্ব-১৯ : ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; মাওয়া ১১/২, আনিসা ৬/১, ছোঁয়া ৭/১, নিশিতা ১৩/১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৩.২ ওভারে ৫৩/৫ (সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, মাওয়া ৫*; সিমানা ১০/১, রিয়া ১০/১, পূজা ১১/১, রচনা ১৬/১)
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জান্নাতুল মাওয়া।