‘আরও ৩-৪ জন হামজা দরকার’

বাংলাদেশ ফুটবলে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা নিয়ে আসছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলপ্রেমীরা যেমন তার প্রতি উচ্ছ্বসিত, তেমনই মুগ্ধ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, দলে যদি আরও তিন-চার জন হামজার মতো ফুটবলার থাকত, তাহলে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যেত।

এএফসি কোচিং কোর্স শুরুর আগে গণমাধ্যমে কথা বলতে গিয়ে জামাল হামজার প্রশংসায় বলেন, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, যা অনেক বড় মঞ্চ। হামজার মতো যদি আরও তিন-চার জন থাকত, তাহলে দেশের ফুটবলের উন্নতি আরও ত্বরান্বিত হতো। তিনি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

২০১৫ সালে লেস্টার সিটির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা হামজা ধারে খেলেছেন বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে।

অন্যদিকে, চুক্তিগত সমস্যার কারণে চলতি মৌসুমে ক্লাব ফুটবল খেলতে পারছেন না জামাল ভূঁইয়া। আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে জটিলতা কাটেনি, ফলে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিয়েও খেলায় নামতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তবে সমস্যা দ্রুত সমাধানের আশাবাদ জানিয়েছেন তিনি।

জামাল বলেন, ‘আবাহনীর সঙ্গে ইস্যুটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত নয়, ওদের সিদ্ধান্ত। আশা করি ১০ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এতদিন ডেনমার্কে ছিলাম, স্থানীয় ক্লাবে অনুশীলন করেছি।’

জামাল এখন কোচিং ক্যারিয়ার শুরু করার লক্ষ্যে বাফুফের এএফসি এ ডিপ্লোমা কোর্সে অংশ নিচ্ছেন। ২৪ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষকের মধ্যে তিনিও রয়েছেন।

কোর্স শুরুর আগে বাফুফের অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটান জামাল। অটোগ্রাফ দেন, ছবি তোলেন এবং তাদের স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দেন।