মাঠের খেলায় স্টাম্প মাইক্রোফোনে প্রায়ই রোহিত শর্মার নানারকম নির্দেশনা এবং মজার মজার কথা ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরালও হয়। এবার সাংবাদিক সম্মেলনে তার ফিসফাস ধরা পড়ল মাইক্রোফোনে। গতকাল শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানেই ঘটেছ এই ঘটনা।
নির্ধারিত দুপুর ১২.৩০ মিনিটের দুই ঘণ্টার বেশি সময় পর সাংবাদিক সম্মেলনে আসেন রোহিত এবং আগরকার। চেয়ার ঠিক করে বসার সময় আগরকারকে নিচু স্বরে রোহিত বলছিলেন, ‘এটার পর আমাকে আরও এক-দেড় ঘণ্টা থাকতে হবে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার সঙ্গে কথা বলব। স্ত্রী, পরিবার এবং আরও যা কিছু বলা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলতে হবে। সবাই আমায় কথা বলতে বলছে।’
সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের ওপর ১০টি নির্দেশিকা দিয়েছে বিসিসিআই, যাতে বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের রাখার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ হয়েছে। এসব নিয়ে দলের ক্রিকেটারদের মাঝে চাপা অসন্তোষ আছে। সবাই মিলে অধিনায়ক রোহিতকে বলেছে বোর্ডের সঙ্গে কথা বলতে। সে কথাই হয়তো সংবাদ সম্মেলন শুরুর আগমুহূর্তে আগরকারকে বলছিলেন রোহিত।