বাংলাদেশ ম্যাচে অনিশ্চিত বুমরা, দিতে হবে ফিটনেস পরীক্ষা

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে ভারতের মূল পেসার জসপ্রিত বুমরা খেলতে পারবেন কিনা- তা এখনো নিশ্চিত নয়। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে রাখা হয়েছে। বাংলাদেশ ম্যাচের সপ্তাহখানেক আগে তার চুড়ান্ত ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১৩.০৬ গড়ে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছিলেন বুমরা। তবে ১৫১.২ ওভার বোলিংয়ের ধকল তিনি সামলাতে পারেননি। তাই আগামী ৬ ও ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া যাবে না বলে গতকালই নিশ্চিত করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার। ১২ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তাকে পরখ করে দেখা হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মানুযায়ী, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এই সুযোগটাই নিতে যাচ্ছে ভারত। তবে বুমরার চোট নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় বোর্ড। তার চোটের সুনির্দিষ্ট ধরনও জানা যায়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে, বুমরার এই চোট ‘স্ট্রেস’ সম্পর্কিত।