মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার পর এ ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর এমবিবিএস ভর্তিপরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে এক লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তিপরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাস করেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।

পাস করা ৬০ হাজার ৯৫ জনের মধ্যে ছেলে ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। মেয়ে ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

যেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে ফল পাওয়া যাবে।

অধিদপ্তর জানিয়েছে, সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশ করা হবে।

এবার আসন ৫৩৮০

এবার কোটাসহ ৩৭টি সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের জন্য ২৫ (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসাবে ওই বছর আসনপ্রতি আবেদন করেছিল ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।