১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা ১৪ হাজার ৭২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সে হিসাবে প্রতিদিন গড় রেমিট্যান্স আসছে প্রায় ৮১৮ কোটি টাকা।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারির ১৮ দিনে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারির এই ১৮ দিনে ৯টি ব্যাংক থেকে কোনো রেমিট্যান্স আসেনি। তার মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ কিছু বেসরকারি ও বিদেশি ব্যাংকও রয়েছে।

বাংলাদেশে ব্যাংক জানায়, ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪৭ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।