সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার রয়েছি।’ গতকাল বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের অংশগ্রহণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সংঘটিত ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটি ধান ও গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে হয়েছে। এতে দুপক্ষের লোকজনই আহত হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে। জনগণ সরকারকে সাহায্য করছে। সীমান্তে বিজিবি অ্যালার্ট রয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জবাবদিহিমূলক সরকার। জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ‘অমবহঃ ড়ভ পযধহমব’-এর ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে, জবাবদিহিবিহীন সিভিল সার্ভিস ক্রমেই ফ্যাসিস্ট শাসনামল সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভেন্টদের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র ও জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের কাছে আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, ‘আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশের উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেশিয়াল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে।’ তিনি বলেন, ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগযুগ ধরে চলমান হাজার হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। ভূমি সেবা আরও সহজীকরণ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরও জনবান্ধব করতে হবে।
সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের গণকর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকদের দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন উপদেষ্টা।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্থার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম।
৪৯ দিন মেয়াদি ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’-এ বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।