ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় খালাস পেলেন ৩ সাংবাদিক 

ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ৩ সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন— জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু ও রহিম শুভ।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগের কোনো তথ্য ও প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত। আমরা এ রায়ে খুশি। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারে তাদের কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে।

এদিকে রায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর থেকে সাংবাদিক ও সচেতন মহলে মিষ্টি বিতরণ করা হয়েছে। সচেতন মহল বলছে, ফ্যাসিস্ট সরকারের বানানো ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ছিলো স্বাধীন গণমাধ্যমের উপর চরম আঘাত।

জানা যায়, ২০২১ সালের ৫ জুলাই জাগো নিউজ ও আরও দুটি সংবাদমাধ্যমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিররুল আজিজ চপল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।