মাঠে রানআউট হওয়ার পর ডেভিড মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। বরং প্রতিপক্ষের এক ফিল্ডারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন মালান। এই বিষয়টিই স্পষ্ট করেছেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
রোববার চট্টগ্রামে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচে তামিম ইকবাল ও ডেভিড মালানের মধ্যে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তামিম। ঘটনার পর মালানকে কিছু একটা বলতে দেখা যায়, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। তবে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন তামিম।
তামিম লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’
বরিশালের ইনিংসের চতুর্থ ওভারে তামিম ও মালানের ভুল বোঝাবুঝির কারণে রানআউট হন তামিম। তবে রানআউটের পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেন। সেই সময় তামিম মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু এর পরপরই প্রতিপক্ষ দলের এক ফিল্ডারের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মালানকে জবাব দিতে দেখা যায়।
তামিম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রানআউট হওয়ার পর মালান “সরি” বলেছিল। এরপর আমি মাঠ ছেড়ে যাই। মালানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। বরং কাছাকাছি থাকা প্রতিপক্ষের এক ফিল্ডার কিছু বলেছিল, যা মালানের ভালো লাগেনি। সে সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল।’
সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনার কেন্দ্রে থাকা তামিম সমালোচকদের উদ্দেশে বলেন, _‘টিভিতে এক-দুই ঝলক দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। মাঠের অনেক ঘটনা টিভি ক্যামেরায় পুরোপুরি ধরা পড়ে না এবং সেটি উচিতও নয়। যারা মাঠে থাকেন, তারাই প্রকৃত বিষয়টি জানেন। যেটি টিভিতে দেখা যায়, সেটিকে সবসময় সত্য ঘটনা হিসেবে ধরে নেওয়া ভুল।’
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তামিম। তবে তার দাবি, সবকিছুই বাড়িয়ে-চড়িয়ে উপস্থাপন করা হচ্ছে। তিনি জানান, ‘গত কয়েক দিনে আমাকে নিয়ে নানা রকম কথা হয়েছে। কিন্তু কোনো ঘটনাই হুট করে ঘটে না। পেছনে আরও অনেক কিছু থাকে। তাই টিভিতে দেখা কয়েকটি দৃশ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।’