চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের ৭০ রানের ইনিংস এবং থিসারা পেরেরার ১৭ বলে ৩৭ রানের ক্যামিওতে ছয় উইকেটে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। জবাবে রনি তালুকদারের ৪৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস এবং জাকের আলী ও আরিফুল হকের ছোট ক্যামিওর পরও সিলেট স্ট্রাইকার্স ৬ রানের ব্যবধানে হেরে যায়।
পাওয়ার প্লেতে তানজিদ হাসান তামিমের ১৬ বলে ২২ রানের ইনিংসের পর লিটন দাস ও সাব্বির রহমানের ব্যাটে এগিয়ে যায় ঢাকা। ১৪তম ওভারে দলীয় একশ পার করে লিটন-সাব্বির জুটি। সাব্বিরের (২১ বলে ২৪) বিদায়ের পর লিটন ৩৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। লিটন ও থিসারার ৮১ রানের জুটি ঢাকার ইনিংসকে বড় স্কোরের ভিত্তি দেয়। লিটন ৪৮ বলে ৭০ রান করে আউট হলেও থিসারা ১৭ বলে ৩৭ রান করেন।
১৯৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। তবে রনি তালুকদার ও অ্যারন জোন্সের ব্যাটে দল ঘুরে দাঁড়ায়। রনি ৪৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে গেলেও থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে ফেরেন। শেষদিকে জাকের আলী (১৩ বলে ২৮) এবং আরিফুল হকের (১৩ বলে ২৯) ঝড়ো ইনিংস সিলেটকে জয়ের কাছে নিয়ে যায়। তবে সামিউল্লাহ শিনওয়ারির (চার বলে ১২) শেষ চেষ্টাও যথেষ্ট হয়নি।
এই জয়ে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স দুই দলই দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। তবে কাগজে-কলমে এখনও সব দলের প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে, যা টুর্নামেন্টকে আরও জমিয়ে তুলেছে।
লিটনকে অভয় দিয়ে পাশে থাকার অঙ্গীকার এক ভক্তের