সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের সিরিজ অগ্নিপরীক্ষা বাংলাদেশের। তিন ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট পেতেই হবে। কিন্তু সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরে সরাসরি বিশ্বকাপের পথটা কঠিন হয়ে পড়ল বাংলাদেশের।
এই হারে ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা করার পথে চ্যালেঞ্জ বাড়ল বাংলাদেশের। বাকি দুটি ম্যাচ থেকে তিন পয়েন্ট লাগবেই। নয়তো বাছাইপর্ব নামের আরেক পরীক্ষায় নাম লেখাতে হবে। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে।
রবিবার শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে কেবল ১৯৮ রানই করতে পেরেছিল বাংলাদেশ। শারমিন আকতার ৭০ বলে ৪২ আর মুরশিদা খাতুন ৫৩ বলে করেন ৪০ রান। ডিয়ান্ড্রা ডটিন নেন ৩ উইকেট।
জবাবে দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের ১৬৩ রানের জুটিতে সহজ জয় পায় স্বাগতিকরা। কিয়ানা ৭০ করে ফিরলেও অধিনায়ক হিলি ম্যাথুস করেন সেঞ্চুরি। ৯৩ বলে ১৬ বাউন্ডারিতে অপরাজিত ১০৪ করে ম্যাচসেরা হন তিনিই। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় ১০৯ বল বাকি থাকতেই। ২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি জায়গা করবে। বাংলাদেশ দল এখন ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। ২১ পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড।
৯১ রানেই জোর লড়াই সুমাইয়াদের পুঁজি ছিল মাত্র ৯১। কিন্তু এই রান নিয়েই অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ শেষপর্যন্ত ম্যাচ হেরেছে ২ উইকেটে।
গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ৯২। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয়ে পৌঁছায় ৮ উইকেট হারিয়ে ও মাত্র ৪ বল বাকি থাকতে।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের কাছ থেকেই ২৬ রান পেয়ে গিয়েছিল, তাও ৩ ওভারের মধ্যেই। ২ চার ১ ছয়ে ৯ বলে ১৪ রান তুলে ফেলা ম্যাকিওন রানআউট হলে অস্ট্রেলিয়ার রানের গতি কমে। যদিও ওই এক উইকেট হারিয়ে ৫০ রানে পৌঁছে যায় দলটি। এরপর জান্নাতুল মাওয়া পেলেকে (১৮ বলে ১৬ রান) আউট করলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। ৫০ থেকে ৬৭ এই ১৭ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার উইকেট এক থেকে ছয়ে পরিণত হয়।
সাতে নামা এলা ব্রিসকো একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিলেও ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে বাংলাদেশের হাতে ছিল ৪ রানের পুঁজি। ফাহমিদা ছোঁয়ার করা ওই ওভারে চার রান তুলে ম্যাচ সমতায় নিয়ে আসে অস্ট্রেলিয়া। তবে মিডঅফে থাকা ফিল্ডার সরাসরি নন স্ট্রাইকের স্টাম্প ভাঙতে পারলে এই ওভারে নবম উইকেটও পেয়ে যেত বাংলাদেশ। সেটা হয়নি। শেষপর্যন্ত ম্যাচও জেতেনি বাংলাদেশ।