ম্যানসিটি স্বরূপে ফেরায় খুশি গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে নিজেদের ২২তম ম্যাচে প্রতিপক্ষকে তাদেরই মাঠে গোলবন্যায় ভাসিয়ে ম্যানচেস্টার সিটি জানান দিল স্বরূপে ফেরার। রবিবার ম্যানচেস্টার সিটি ৬-০ গোলে হারায় ইপ্সউইচ টাউনকে। আধা ডজন গোল দেওয়ার পর কোচ পেপ গার্দিওলার কণ্ঠেও স্বরূপে ফেরার বার্তা। এই জয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে ম্যানসিটি। দলের উজ্জীবিত পারফরম্যান্সের পর কোচ গার্দিওলা বলেন, ‘আমরা সত্যিই অনেক খুশি। যে বিষয়গুলো এই দলকে গত ১০ বছরে ফুটিয়ে তুলেছে, সেই পথে ফিরেছি আমরা। এই তিন পয়েন্ট পেয়ে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার মতো জায়গায় (লিগ টেবিলের শীর্ষ চারে) ফিরতে পেরে আমরা খুব খুশি।’