চলতি বিপিএলে চলছে পারিশ্রমিক নিয়ে বিতর্ক। পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বাতিল করলে বিসিবির হস্তক্ষেপে ২৫% অর্থ পরিশোধ করে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর গত ১৯ জানুয়ারি আরও ২৫% অর্থ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এর মাঝে টাকা না পাওয়ার বিষয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন রাজশাহীর শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন।
এখনো জাতীয় দলে ডাক না পাওয়া ২৭ বছর বয়সী পেস বোলিং অল-রাউন্ডার সামারাকুনকে দলে টেনেছিল দুর্বার রাজশাহীর। দলটির হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন সামারাকুন। ৪ ওভারে দিয়েছেন ৬৪ রান! জানা গেছে, পুরো আসরের জন্য তার সঙ্গে ১৫ হাজার মার্কিন ডলারের চুক্তি করেছে রাজশাহী। প্রতিশ্রুত অর্থ সময়মতো না পাওয়ায় হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবির কাছে অভিযোগ করেন সামারাকুন।
বিসিবির একজন মুখপাত্র দেশের একটি ইংরেজি দৈনিককে বলেছেন, অনেক ক্রিকেটারই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন। তাই নির্দিষ্ট করে কারও নাম বলা কঠিন। এই অভিযোগগুলো খতিয়ে দেখছে বিসিবি। উল্লেখ্য, এবারের বিপিএলে অপেক্ষাকৃত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকায় পাঁচে।