বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ   

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি নড়িয়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক। গতকাল সোমবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে ও বিস্ফোরণ করে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, ‘গত রাতে কে বা কারা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর বেশ আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’