বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রবেশদ্বারে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা ডিউটিরত অবস্থায় হঠাৎই গেটের সামনে বিকট শব্দ শুনতে পান। কাছে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। কারো মতে, অজ্ঞাত কেউ ককটেলটি সেখানে ফেলে রেখে গিয়েছিল অথবা আগে থেকেই পুঁতে রাখা অবস্থায় এটির বিস্ফোরণ ঘটে।
সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস। একই সাথে কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একাধিক টিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত এলাকাটি পরিদর্শন করেন।
ঘটনার বিবরণ দিয়ে কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস জানান, বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটেছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ হতাহত হননি। বিস্তারিত জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের সুরক্ষায় আদালত চত্বর ও এর আশপাশের পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজধানীতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক চার
সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ