যুক্তরাষ্ট্রের কোকো গফকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটনের জন্ম দিলেন পাওলা বাদোসা। স্পেনের এই টেনিস তারকা ৭-৫, ৬-৪ গেমে জিতে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন। ২০২০ সালের পর প্রথম কোনো স্প্যানিশ নারী গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলবেন।
এক বছর আগেও বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা একশতেও ছিলেন না বাদোসা। পিঠের চোটের কারণে কোর্ট থেকে দূরে থাকতে হয়েছিল। সেই চোট কাটিয়ে এক বছরে মধ্যে উঠে আসেন র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে। ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, এক বছর আগে পিঠের ইনজুরিতে ভুগছিলাম। ভেবেছিলাম হয়তো খেলাই ছেড়ে দিতে হবে। কিন্তু কামব্যাক করে আমি এখন বিশ্বের সেরাদের বিপক্ষে খেলছি।’
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গফকে হারানোর অনুভূতি নিযে বাদোসা বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আমাকে আবেগ গ্রাস করেছে। নিজের সেরাটা খেলতে চেয়েছিলাম, সেটা মনে হয় পেরেছি। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। যে পর্যায় টেনিস খেলেছি, তাতে আমি গর্বিত। আগামী বছর যে এখানে থাকতে পারব কিনা- সেটা এখনই ভাবছি না।’
অন্যদিকে এই মৌসুমে টানা ৯টি ম্যাচে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন গফ। আগের ম্যাচে টোকিও অলিম্পিকে সোনাজয়ী টেনিস তারকা বেলিন্ডা বেনসিচের বিপক্ষে বছরে প্রথমবার কোনো সেট হেরেছিলেন। তারপরও তিনি ম্যাচ জিতে নিয়েছিলেন। কিন্তু এবার আর পারলেন না। কোয়ার্টার ফাইনালে বাদোসার কাছে পরপর দু’টি সেট হেরে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে।