রোহিতদের জার্সিতে ‘পাকিস্তান’ লিখতে দেবে না ভারত

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম

আইসিসির কোনো ইভেন্টে আয়োজক দেশের নাম লেখা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়মের ব্যত্যয় ঘটাতে চাচ্ছে ভারত। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় শুরু থেকেই সেখানে গিয়ে খেলতে আপত্তি জানিয়ে আসছিল ভারত। শেষ পর্যন্ত ভারতের দাবি অনুসারেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে বাধ্য হয় আইসিসি এবং পাকিস্তান। এতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। কিন্তু ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই। তাই জার্সিতে পাকিস্তান লেখা থাকবে- সেটাই স্বাভাবিক।

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও, সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে না সরলেও ভারত গোঁ ধরে আছে। অন্যদিকে এই খবরে বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বার্তা সংস্থা আইএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। এটা খেলাটির জন্য ভালো কিছু নয়। প্রথমে তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না; আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং তারা পাকিস্তানের পাশে থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত