মারধরে ৭ জন আহতের ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সমন্বয়ক তানজিব মো. সোহরাব রেজা বলেন, সোমবার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিছু নেতাকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের ওপর হামলা করে। সেই হামলারই বিচার চাইতে মঙ্গলবার দুপুরে ছাত্র আন্দোলনের বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে প্রধান কার্যালয়ে গিয়েছিলেন।
সেখানে মূলত আশিকুজ্জামান হৃদয় নামে একজনের নেতৃত্বে তাদের ওপর আবারও হামলা করা হয়। তাদের এক নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেব।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও সদস্যরা বাংলামোটর অভিমুখী একটি বিক্ষোভ মিছিল নিয়ে যান।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।