রাজধানীর গুলশান -২ নাম্বারের ইসিজি মার্কেট এর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা দেড় কোটি টাকার বেশি নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর স্বজনরা।
আহত কাদের শিকদার নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। তিনি মানি এক্সচেন্স ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। অপরদিকে আহত আমির হামজা যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের এরশাদ সরদারের ছেলে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু শিকদার নামে একজন জানান, রাত ৯টার দিকে গুলশান ইসিজি মার্কেটের সামনে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দু’জনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দু’জন গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং প্রায় এক কোটি নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে গুলশান থানা পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে এবং সিসিটিভি ফুটেজের যাচাই-বাছাই চলছে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলেও জানা গেছে।
অন্যদিকে রাজধানীর মেরুল বাড্ডার আনন্দ নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত মো. টিপু মিয়া (২২) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। খিলগাঁও এলাকায় ভাড়া থাকেন তিনি। টিপু প্রাইভেট কারের চালক বলে জানিয়েছেন স্বজনেরা।
আহতের বন্ধু আজিজ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মেরুল বাড্ডার আনন্দ নগর এলাকা দিয়ে রিকশায় বাসায় ফিরছিল টিপু। এ সময় পথে ওঁৎ পেতে থাকা ৪–৫ জন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এক পর্যায়ে তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে কাছে থাকা নগদ ২৮ হাজার টাকা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।