বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ছক্কার রাজা হয়ে উঠেছেন তানজিদ হাসান তামিম। ঢাকার হয়ে খেলা এই তরুণ ওপেনার ইতিমধ্যে ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের আরেক ব্যাটার তাওহীদ হৃদয়কে। বিপিএলের এক মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের দখলে। তবে তার সামনে এখনও চ্যালেঞ্জ হয়ে আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৪৭ ছক্কার রেকর্ড গড়েছিলেন গেইল। তানজিদের সেই রেকর্ড ভাঙতে হলে আরও ১৯ ছক্কা লাগবে। তানজিদের দল ঢাকার প্লে-অফ, কোয়ালিফায়ার ও ফাইনাল পর্যন্ত যেতে পারলে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি। তবে গেইলের রেকর্ড নিয়ে ভাবছেন না তানজিদ।
চিটাগং কিংসের বিপক্ষে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, 'আমি কখনই এভাবে চিন্তা করি না। আমাদের সামনে দুইটা ম্যাচ আছে, সেগুলো ভালোভাবে শেষ করাই আমাদের পরিকল্পনা। যদি রেকর্ড হয়, হয়ে যাবে। আমি স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।'
২৪ ম্যাচে ৫০ ছক্কার মালিক তানজিদকে প্রশ্ন করা হয়, এত ছক্কা মারার রহস্য কী? হাসিমুখে তিনি জানান, 'এর কোনো রহস্য নেই। আমি স্বাভাবিকভাবেই এমন খেলি। অনুশীলনে নিজের শক্তির জায়গাগুলো নিয়ে কাজ করি এবং ম্যাচে যে ভুলগুলো হয়, তা শুধরানোর চেষ্টা করি। ছক্কা মারার জন্য কোনো আলাদা পরিকল্পনা করি না।'
তাওহীদ হৃদয় গত মৌসুমে ১৪ ম্যাচে ২৪ ছক্কা মেরেছিলেন। সেই রেকর্ড ভাঙতে চিটাগং কিংসের বিপক্ষে ৩টি ছক্কা প্রয়োজন ছিল তানজিদের। শরিফুল ইসলামকে পরপর দুটি ছক্কা মেরে সেই মাইলফলক স্পর্শ করেন তিনি। চিটাগংয়ের বিপক্ষে ইনিংসে তানজিদ মারেন ৭টি ছক্কা, যা তাকে আরও ওপরে নিয়ে যায়। এই ইনিংসেই তিনি পেছনে ফেলেছেন নিকোলাস পুরান (২৮), আন্দ্রে রাসেল (২৮) এবং এভিন লুইসের (২৭) মতো তারকাদের।
এখন পর্যন্ত ১০ ম্যাচে তানজিদ করেছেন ৪২০ রান। ব্যাটিং গড় ৪৬.৬৬ এবং স্ট্রাইক রেট ১৪৩.৮৩। তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন একটি সেঞ্চুরি। চিটাগংয়ের বিপক্ষে অপরাজিত ৯০ রান করে সেঞ্চুরির সুযোগ মিস করলেও তানজিদ এতে হতাশ নন। তিনি বলেন, 'ইনিংসটা শেষ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় বিষয়। সেঞ্চুরি না হলেও আমি সন্তুষ্ট।'
তানজিদের এই পারফরম্যান্স শুধু তার দল নয়, পুরো বিপিএলকেই উজ্জ্বল করে তুলেছে। তরুণ এই ব্যাটারের ছক্কার ঝড় ভক্তদের জন্য নিয়ে আসছে বাড়তি উত্তেজনা, আর প্রতিপক্ষ বোলারদের জন্য দিচ্ছে নতুন চ্যালেঞ্জ।