অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সুপার সিক্সে খেলেছিলেন বাংলাদেশের মেয়েরা। গতকাল গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে এবারও আসরের সুপার সিক্স নিশ্চিত করেছেন সুমাইয়া আক্তারের দল। মালয়েশিয়ার বাংগিতে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ১৭ রানের জয় পায় দেশের মেয়েরা।
এদিনও টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয় মেয়েদের। সবগুলো ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১২০ রান বোর্ডে তোলে বাংলাদেশ। ৩৬ বলে দলের সর্বোচ্চ অপরাজিত ২৯ রান আসে অধিনায়ক সুমাইয়ার ব্যাট থেকে। নিজের ব্যাটিং অর্ডার বেশ নিচে নামিয়ে এনেছিলেন তিনি। তার আগে আফিয়া আসিমা ইরা ২১, জুয়াইরিয়া ফেরদৌস ২০ আর ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৪ রান করেন। স্কটিশদের হয়ে ২টি করে উইকেট নেন নাঈমা শেখ আর মেইসি মাসেইরা।
রান তাড়ায় নেমে দলের ১৯ রানের মাথায় ৩ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় স্কটল্যান্ড। তবে খেলাটা জমিয়ে রেখেছিলেন কিপার পিপা স্প্রাওল এবং অধিনায়ক নিয়াম মুইর। দুজনের জুটিতে রান আসে ৫০। ২২ রানে মুইরকে ফেরান হাবিবা ইসলাম পিংকি। আরও কিছুক্ষণ ঠিক পথেই এগোচ্ছিল স্কটল্যান্ড। ছোবলটা হানেন আনিসা আক্তার সোবা। দলীয় ৯২ রানের সময় স্প্রাওলকে ফেরান তিনি। ৪১ বলে ৪৩ রান করে স্প্রাওল ফিরতে ধসে পড়ে স্কটিশদের ইনিংস। শেষ পর্যন্ত ধুঁকে ধুঁকে ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান পর্যন্ত যেতে পারে স্কটিশরা। ২৫ রানে ৪ শিকার ধরে ম্যাচসেরা হন আনিসা আক্তার সোবা। উইকেট না পেলেও মাত্র ১৩ রান দেন মাওয়া। নিশিকা ও হাবিবা ১টি করে উইকেট নেন
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশে অ-১৯: ১২০/৯ (সুমাইয়া ২৮*, ইরা ২১, জুয়াইরিয়া ২০; নায়মা ১৫/২, মেইসি ২৭/২)
স্কটল্যান্ড অ-১৯: ১০৩/৮ (স্প্রাওল ৪৩, মুইর ২২, সোবা ২৫/৪, হাবিবা ১৬/১, নিশিতা ৩০/১)
ফল: বাংলাদেশ অ-১৯ ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসা আক্তার সোবা